দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে পৌঁছে তিনি একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। বেলা ৩টা ৫০ মিনিটে মঞ্চে ওঠেন তিনি এবং ৩টা ৫৭ মিনিটে বক্তব্য শুরু করেন। বক্তব্যের শুরুতেই তিনি বলেন, ‘প্রিয় বাংলাদেশ’।
দেশবাসীকে সালাম জানিয়ে তারেক রহমান বলেন, ‘রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া—আপনাদের দোয়ায় প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি।’ বক্তব্যের একপর্যায়ে তিনি দেশবাসীর উদ্দেশে ‘ইনসাফের শাসনের’ বার্তা দেন।
তিনি বলেন, বিএনপি দেশের শান্তি ও মানুষের কল্যাণ চায়। মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত উক্তি ‘আই হ্যাভ আ ড্রিম’ উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আজ আমি বলতে চাই—আই হ্যাভ আ প্ল্যান, পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি।’
এই পরিকল্পনা বাস্তবায়নে দেশবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সারা দেশের গণতন্ত্রকামী মানুষের সমর্থন প্রয়োজন।
একটি নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তারেক রহমান বলেন, এমন একটি দেশ গড়ে তুলতে চান যেখানে নারী, পুরুষ ও শিশুসহ সবাই নিরাপদে ঘর থেকে বের হয়ে নিরাপদে ফিরে আসতে পারবেন।
বক্তব্যের শেষাংশে তিনি দেশ ও জাতির জন্য দোয়া কামনা করেন এবং বলেন, ভবিষ্যতে যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবেন তারা যেন নবী করিম (সা.)-এর ন্যায়পরায়ণতার আদর্শে দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করেন।
