বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভ্রমণের সুযোগ আরও বিস্তৃত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্সের সর্বশেষ গ্লোবাল পাসপোর্ট র‌্যাংকিং অনুযায়ী, বর্তমানে বাংলাদেশিরা বিশ্বের ৩৯টি গন্তব্যে ভিসামুক্ত বা সহজ ভিসা সুবিধায় প্রবেশ করতে পারেন। এর মধ্যে এশিয়ার ছয়টি দেশ ভ্রমণপ্রেমীদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে।

ভিসা ছাড়াই বা সহজ ভিসায় এশিয়ার যে ছয় দেশে যেতে পারবেন বাংলাদেশিরা—

নেপাল
প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড়ঘেরা নেপাল বাংলাদেশি ভ্রমণকারীদের অন্যতম প্রিয় গন্তব্য। কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরসহ নির্ধারিত প্রবেশপথে ‘ভিসা অন অ্যারাইভাল’ পাওয়া যায়। কাঠমান্ডু ভ্যালির ঐতিহাসিক মন্দির, পোখরার অন্নপূর্ণা রেঞ্জের দৃশ্য এবং এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক বিশ্বজুড়ে পরিচিত।

ভুটান
হিমালয়ের কোলে থাকা ছোট্ট কিন্তু মনোমুগ্ধকর দেশ ভুটানে বাংলাদেশিদের জন্য ভিসার প্রয়োজন নেই। রাজধানী থিম্পু, টাইগার নেস্ট মনাস্টেরি, পুনাখা জং এবং ফোবজিখা ভ্যালির প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের বিশেষভাবে টানে।

মালদ্বীপ
সমুদ্রঘেরা দ্বীপদেশ মালদ্বীপে বাংলাদেশিরা ৩০ দিনের জন্য ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা পান। রাজধানী মালেতে গ্র্যান্ড ফ্রাইডে মসজিদ, মাছের বাজার ও ন্যাশনাল মিউজিয়াম দেখার মতো জায়গা রয়েছে। বাজেট ভ্রমণকারীদের জন্য মাাফুশি দ্বীপ আর স্নরকেলিং ও ডাইভিংপ্রেমীদের জন্য হানিফারু বে জনপ্রিয়।

শ্রীলঙ্কা
দ্বীপদেশ শ্রীলঙ্কায় যেতে বাংলাদেশিদের ‘ই-ভিসা’ নিতে হয়, যা ৩০ দিনের জন্য বৈধ এবং প্রয়োজনে বাড়ানো যায়। সিগিরিয়া লায়ন রক, ইয়ালা ন্যাশনাল পার্কের বন্যপ্রাণী, গল ফোর্ট ও সমুদ্রসৈকত পর্যটকদের প্রধান আকর্ষণ।

কম্বোডিয়া
দক্ষিণ-পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী ও ইতিহাসসমৃদ্ধ কম্বোডিয়ায় বাংলাদেশিরা ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধায় ভ্রমণ করতে পারেন। আঙ্কর ওয়াট, রয়্যাল প্যালেস, সিলভার প্যাগোডা এবং কোহ রং দ্বীপ এখানে দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম।

তিমুর-লেসতে (পূর্ব তিমুর)
এশিয়ার অপেক্ষাকৃত কম পরিচিত কিন্তু দৃষ্টিনন্দন দেশ তিমুর-লেসতেও বাংলাদেশিরা ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা পান। রাজধানী দিলির ক্রিস্টো রেই ভাস্কর্য, আতাউরো দ্বীপের সামুদ্রিক জীববৈচিত্র্য এবং মাউন্ট রামেলাউ ট্রেক ভ্রমণকারীদের জন্য বিশেষ অভিজ্ঞতা এনে দেয়।

ভিসা জটিলতা ছাড়াই এই ছয়টি দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশি পর্যটকদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। সময় ও সুযোগ মিললে সহজেই ঘুরে আসতে পারেন এশিয়ার এসব মনোরম গন্তব্যে।