প্রায়ই শোনা যায়, হঠাৎ করেই কারও শরীরে জটিল কোনো রোগ ধরা পড়েছে। কিন্তু বাস্তবে অধিকাংশ ক্ষেত্রেই বড় ধরনের অসুখ আকস্মিকভাবে দেখা দেয় না। রোগের আগেই শরীর নানা ছোট ছোট সতর্ক সংকেত দেয়, যেগুলো অনেক সময় আমরা গুরুত্ব দিই না।
গবেষণায় দেখা গেছে, হাতের নখ শরীরের সামগ্রিক স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। নখের রং, গঠন বা আকৃতির পরিবর্তন অনেক সময় বড় কোনো রোগের আগাম সতর্কবার্তা হিসেবে কাজ করতে পারে। পুষ্টিবিদ ডা. রোহিনী পাতিল জানান, নখে সাদা দাগ, চামচের মতো বাঁকা হওয়া, হলুদ বা নীলাভ রং, অস্বাভাবিকভাবে মোটা হয়ে যাওয়া, গভীর রেখা কিংবা নখ উঠে যাওয়ার মতো লক্ষণ বিভিন্ন জটিল রোগের ইঙ্গিত দিতে পারে।
নখের লক্ষণ ও সম্ভাব্য কারণগুলো হলো—
সাদা দাগ: সাধারণত তেমন ক্ষতিকর নয়। তবে জিঙ্কের ঘাটতি বা কিডনির সমস্যার ইঙ্গিত দিতে পারে।
চামচাকৃতি নখ: নখের মাঝখান দেবে গিয়ে কিনারা ওপরে উঠে গেলে রক্তাল্পতা, থাইরয়েডের সমস্যা কিংবা হৃদরোগের আশঙ্কা থাকতে পারে।
অস্বাভাবিকভাবে বাঁকা নখ: আঙুলের চারপাশে নখ বেশি বাঁকা হয়ে গেলে শরীরে অক্সিজেনের ঘাটতি, ফুসফুস, হৃদযন্ত্র বা লিভারের প্রাথমিক সমস্যার লক্ষণ হতে পারে।
হলুদ নখ: নখ হলুদ হয়ে যাওয়া সাধারণ নয়। এটি নখে ছত্রাক সংক্রমণ বা নখের ক্ষয়ের ইঙ্গিত দিতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, নখের ডগায় সাদা বা কালচে অংশ দেখা গেলে—যাকে টেরির নখ বলা হয়—তা লিভারের সমস্যা, হেপাটাইটিস, কিডনি রোগ বা ডায়াবেটিসের লক্ষণ হতে পারে। এ ধরনের পরিবর্তন চোখে পড়লে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। তবে মনে রাখতে হবে, এসব লক্ষণ থাকলেই যে অবশ্যই গুরুতর রোগ হবে—তা নয়।
