ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেছেন, নিকোলাস মাদুরোই এখনও দেশটির বৈধ প্রেসিডেন্ট। মাদুরোকে গ্রেপ্তার করা হয়েছে—এমন দাবির প্রেক্ষাপটে রাষ্ট্র পরিচালনা ও ক্ষমতার উত্তরাধিকার নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তার জবাব দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সিএনএনের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে ইভান গিল বলেন, ভেনেজুয়েলার সংবিধান স্পষ্টভাবে কার্যকর রয়েছে এবং সেই অনুযায়ী নির্বাচিত ও সাংবিধানিক প্রেসিডেন্ট হলেন নিকোলাস মাদুরো মোরোস। তিনি দাবি করেন, মাদুরোর শারীরিক উপস্থিতি অবিলম্বে ভেনেজুয়েলায় ফিরিয়ে আনা প্রয়োজন এবং যুক্তরাষ্ট্র সরকারের নেওয়া পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের লঙ্ঘন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভেনেজুয়েলার সংবিধানই এখনো দেশ পরিচালনার ভিত্তি এবং রাষ্ট্রের সব প্রতিষ্ঠান পূর্ণ সক্ষমতায় কাজ করছে। সশস্ত্র বাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে, পাশাপাশি জনগণও সক্রিয় অবস্থানে আছে। তিনি বলেন, মাতৃভূমি ও সার্বভৌমত্ব রক্ষায় রাষ্ট্রের সব শক্তি প্রস্তুত এবং ভেনেজুয়েলা একটি শক্তিশালী ও স্থিতিশীল দেশ, যা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলায় সামরিক হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সফলভাবে হামলা চালিয়ে মাদুরো দম্পতিকে গ্রেপ্তার করে দেশ থেকে সরিয়ে নিয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা যায়, কয়েক মাসের হুমকির পর শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় রাত ২টা থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে কারাকাসের আকাশে বিকট বিস্ফোরণ, যুদ্ধবিমানের শব্দ এবং ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

হামলার পরপরই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন এবং জাতীয় প্রতিরক্ষা বাহিনী মোতায়েনের নির্দেশ দেন।