যশোরে দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন (৫০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর শহরের শঙ্করপুর এলাকার নয়ন কাউন্সিলরের অফিসের সামনে এ ঘটনা ঘটে। আলমগীর হোসেন শঙ্করপুর এলাকার ইন্তাজ চৌধুরীর ছেলে। তিনি যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
নিহতের বড় ভাই জাহাঙ্গীর হোসেন জানান, শনিবার সন্ধ্যায় আলমগীর নয়ন কাউন্সিলরের অফিসের সামনে কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তার মাথার বাম পাশে গুলি করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আলমগীরের মাথায় গুলির আঘাতের স্পষ্ট চিহ্ন ছিল।
যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর মুমিনুল হক বলেন, শঙ্করপুর ইসহাক সড়কে স্থানীয় এক বিএনপি নেতাকে গুলি করার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
