শীত বাড়ার সঙ্গে সঙ্গে রাতের ঠান্ডাও বেশ ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে। কম্বলের ভেতরেও অনেকের পা ঠান্ডা হয়ে যায়, তাই উষ্ণতা ধরে রাখতে অনেকে মোজা পরে ঘুমান। আবার কারও কারও অভ্যাস এমন যে, মোজা না পরলে ঘুমই আসে না।
ছোটবেলায় বাবা–মায়ের মুখে “মোজা পরে ঘুমাস না”—এই কথাটিও অনেকেই শুনেছেন। কিন্তু সত্যিই কি মোজা পরে ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?
বিশেষজ্ঞদের মতে, কিছু ক্ষেত্রে মোজা পরে ঘুমানো উপকারী হতে পারে। তবে নিয়মিতভাবে বা ভুল ধরনের মোজা ব্যবহার করলে তা শরীরের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। জেনে নেওয়া যাক, কেন এই অভ্যাসে সতর্ক হওয়া জরুরি।
১. রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি হতে পারে
অনেকে মনে করেন, মোজা পরে ঘুমালে রক্ত চলাচল ভালো হয়। কিন্তু মোজা যদি টাইট হয়, তাহলে উল্টো রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটতে পারে। দীর্ঘ সময় আঁটসাঁট মোজা পরে থাকলে পায়ের শিরা-উপশিরায় চাপ পড়ে। তাই ঘুমানোর সময় ঢিলেঢালা ও আরামদায়ক ‘বেড সক্স’ ব্যবহার করাই ভালো।
২. ত্বকের সংক্রমণের ঝুঁকি
নাইলন বা সিনথেটিক কাপড়ের মোজা বাতাস চলাচলে বাধা দেয়। এতে পায়ে ঘাম জমে ব্যাকটেরিয়া ও ছত্রাক সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়। ফলে চুলকানি, ফাঙ্গাল ইনফেকশন বা দুর্গন্ধের মতো সমস্যা দেখা দিতে পারে। ঘুমানোর সময় চাইলে তুলা দিয়ে তৈরি মোজা ব্যবহার করাই নিরাপদ।
৩. শরীর অতিরিক্ত গরম হয়ে যেতে পারে
ঘুমের সময় শরীর স্বাভাবিকভাবে তাপমাত্রা কমিয়ে নেয়। কিন্তু মোজা পরে ঘুমালে, বিশেষ করে বাতাস চলাচল করে না এমন মোজা হলে শরীর অস্বাভাবিকভাবে গরম হয়ে যেতে পারে। এতে ঘুমের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়।
৪. গভীর ঘুমে ব্যাঘাত ঘটে
অস্বস্তিকর বা টাইট মোজা পায়ে থাকলে ঘুমের মধ্যে অজান্তেই বারবার ঘুম ভেঙে যেতে পারে। পায়ে চাপ লাগা বা ঘাম জমা আরামদায়ক ঘুমের পথে বাধা হয়ে দাঁড়ায়। দীর্ঘদিন এমন চলতে থাকলে অনিদ্রার সমস্যাও দেখা দিতে পারে।
৫. স্বাস্থ্যবিধির সমস্যা
দিনভর ব্যবহৃত বা অপরিষ্কার মোজা পরে ঘুমানো একেবারেই স্বাস্থ্যসম্মত নয়। এতে পায়ের জীবাণু বিছানায় ছড়িয়ে পড়তে পারে এবং সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। তাই মোজা পরতেই হলে অবশ্যই পরিষ্কার মোজা ব্যবহার করা জরুরি।
তাহলে কি কখনোই মোজা পরে ঘুমানো যাবে না?
চিকিৎসা গবেষণায় দেখা গেছে, কিছু মানুষের ক্ষেত্রে মোজা পরে ঘুমানো উপকারি হতে পারে—বিশেষ করে যাদের পা খুব বেশি ঠান্ডা থাকে। তবে শর্ত হলো, মোজাটি যেন ঢিলেঢালা হয়, বাতাস চলাচল করতে পারে এমন কাপড়ের হয় এবং অবশ্যই পরিষ্কার থাকে।
শীতের রাতে ঠান্ডা পা নিয়ে বিছানায় যাওয়া নিঃসন্দেহে অস্বস্তিকর। কিন্তু আরামের জন্য ভুল অভ্যাস গড়ে তুললে ভবিষ্যতে তা স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। তাই মোজা পরে ঘুমানোর আগে নিশ্চিত করুন, সেটি আরামদায়ক ও স্বাস্থ্যসম্মত কি না।
