চিয়া সিড—ছোট আকারের এই বীজটি এখন স্বাস্থ্যসচেতন মানুষের খাদ্যতালিকায় বেশ জনপ্রিয়। ‘সুপারফুড’ হিসেবে পরিচিত চিয়া সিডে রয়েছে ভিটামিন বি-১, প্রোটিন, ফাইবার, আয়রন, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টের মতো গুরুত্বপূর্ণ উপাদান।
নিয়মিত চিয়া সিড খেলে বাড়তি ওজন নিয়ন্ত্রণে থাকে, ত্বক উজ্জ্বল হয়, চুল মজবুত ও স্বাস্থ্যকর থাকে এবং শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতাও বাড়ে—এমনটাই দাবি বিশেষজ্ঞদের। এসব উপকারিতার কারণে বাংলাদেশসহ বিশ্বের নানা দেশে প্রতিদিনের খাবারে চিয়া সিড যুক্ত করছেন অনেকেই।
তবে চিকিৎসকদের মতে, উপকারের পাশাপাশি ভুলভাবে খেলে চিয়া সিড হতে পারে ক্ষতির কারণও। চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়ম না মেনে চিয়া সিড খেলে অজান্তেই শরীরের জন্য ঝুঁকি তৈরি হতে পারে।
বিশেষজ্ঞ চিকিৎসকদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, চিয়া সিড অবশ্যই পুরোপুরি ভিজিয়ে খেতে হবে। না হলে এই উপকারী বীজই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে।
গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্টদের মতে, ঠিকভাবে না ভেজানো চিয়া সিড দীর্ঘমেয়াদে নানা জটিলতার কারণ হতে পারে। শুকনা চিয়া সিড খেলে অনেকের ক্ষেত্রে ক্ষুধামন্দা দেখা দেয়, হজমে সমস্যা হয় এবং কারও কারও রক্তচাপের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
চিয়া সিড খাওয়ার সঠিক নিয়ম
- দুই চা-চামচ চিয়া সিড নিন।
- একটি গ্লাসে অর্ধেক পরিমাণ পানি নিয়ে তাতে চিয়া সিড যোগ করুন।
- কমপক্ষে ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। সারা রাত ভিজিয়ে রাখা থেকে বিরত থাকুন।
- পানিতে ভিজে জেলির মতো হলে তবেই চিয়া সিড খান।
- চাইলে ফল বা টকদইয়ের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে।
- চিয়া সিড খাওয়ার পর শরীরে কোনো অস্বস্তি দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
বিশেষজ্ঞরা বলছেন, নিয়ম মেনে ও পরিমিত পরিমাণে চিয়া সিড খেলে এর উপকারিতা পাওয়া সম্ভব, তবে অবহেলা করলে উল্টো ক্ষতির আশঙ্কাও থেকে যায়।
