বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোকের মুহূর্তে তার পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন। আল্লাহ তায়ালা তার রুহের মাগফিরাত দান করুন। সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।’
সাকিবের সঙ্গে শোক জানিয়েছেন ক্রিকেটার ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ আশরাফুলসহ ক্রীড়াঙ্গনের অনেকে। এছাড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও আবেগঘন পোস্ট করেছেন।
ইমরুল কায়েস লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়ার মাগফিরাত নসিব করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন।’ জামাল ভূঁইয়া খালেদা জিয়ার জন্ম-মৃত্যুর তারিখ উল্লেখ করে শোকবার্তা দিয়েছেন। মুশফিকুর রহিমও ছবিসহ পোস্ট করেছেন।
দীর্ঘদিন নানা রোগে ভুগে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
