অ্যাশেজ সিরিজে ওপেনিংয়ে নেমে দুর্দান্ত ফর্মে রয়েছেন ট্র্যাভিস হেড। অস্ট্রেলিয়ার এই ব্যাটিং তারকা আবারও শতকের দেখা পেয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে ঝলমলে সেঞ্চুরি তুলে নেন তিনি, যা চলতি সিরিজে তার দ্বিতীয় শতক।
এটি হেডের টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি। এই ইনিংসের মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ান টেস্ট ইতিহাসের একটি বিশেষ মাইলফলকে নাম লেখান। ৩১ বছর বয়সী এই ব্যাটার একই ভেন্যুতে টানা চারটি টেস্টে সেঞ্চুরি করা পঞ্চম খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়েছেন।
তার আগে এই কীর্তি গড়েছিলেন ডন ব্র্যাডম্যান, স্যার ওয়ালি হ্যামন্ড, মাইকেল ক্লার্ক ও স্টিভ স্মিথ। এদের মধ্যে হ্যামন্ড ছাড়া বাকিরা সবাই অস্ট্রেলিয়ান।
তৃতীয় দিন শেষে হেড অপরাজিত রয়েছেন ১৪২ রানে। তার সঙ্গে অ্যালেক্স ক্যারি খেলছেন ৫২ রান করে। তাদের জুটিতে দুই ইনিংসেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। দিন শেষে ৪ উইকেটে ২৭১ রান তুলে অস্ট্রেলিয়ার লিড দাঁড়িয়েছে ৩৫৬ রানে।
চলতি অ্যাশেজের প্রথম টেস্টে পার্থে ওপেন করতে নেমে হেড সেঞ্চুরি করেছিলেন। চাপের মুখে মাত্র ৮৩ বলে ১২৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ১৬টি চার ও চারটি ছক্কা। সেই ম্যাচে অস্ট্রেলিয়া আট উইকেটে জয় পায়।
এরপর কিছুটা ছন্দ হারালেও অ্যাডিলেড টেস্টে দারুণভাবে ফিরে এসেছেন হেড। বর্তমানে সিরিজে অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে এবং দুই ম্যাচেই তারা আট উইকেটের জয় পেয়েছে। এই টেস্ট ড্র হলেও অ্যাশেজ ধরে রাখবে স্বাগতিকরা।
এদিকে এই ম্যাচে খেলছেন না স্টিভ স্মিথ। মাথা ঘোরার সমস্যার কারণে তিনি ছিটকে গেছেন। আগের দুই টেস্টে প্যাট কামিন্স চোটে থাকায় স্মিথ দলের নেতৃত্ব দেন। কামিন্স ফিরে আসায় এবার দলে জায়গা হয়নি স্মিথের।
