সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে। এই শোকের প্রেক্ষাপটে আজকের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি–টোয়েন্টির নির্ধারিত ম্যাচগুলো বাতিল করা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, দেশের শোকাবহ পরিবেশ এবং মরহুমার প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন বেগম খালেদা জিয়া।

বিসিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকা দুটি ম্যাচ বাতিল করা হয়েছে। ম্যাচ দুটি ছিল—সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স।

তবে বিসিবি আরও জানায়, বাতিল হওয়া ম্যাচগুলো পরবর্তীতে সংশোধিত সূচি অনুযায়ী আয়োজন করা হবে। নতুন সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য যথাসময়ে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বিসিবির মিডিয়া বিভাগ।