ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট সমঝোতার অংশ হিসেবে নড়াইল-২ (সদরের আংশিক ও লোহাগড়া) আসনে প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। এ আসনে জোটপ্রার্থী হিসেবে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদের নাম ঘোষণা করা হয়েছে।

এর আগে, বিএনপির দ্বিতীয় দফায় ঘোষিত ৩৬টি আসনের প্রার্থী তালিকায় নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামকে নড়াইল-২ আসনের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছিল।

তবে বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শরিক দল এনপিপির প্রার্থী হিসেবে ড. ফরিদুজ্জামান ফরহাদের নাম ঘোষণা করেন। এর পরপরই মনিরুল ইসলামের সমর্থকদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দেয়।

মনোনয়ন পরিবর্তনের খবরে মনিরুল ইসলাম আবেগপ্রবণ হয়ে কান্নায় ভেঙে পড়েন। একইসঙ্গে তার কর্মী-সমর্থকদের মধ্যেও কান্নাকাটির ঘটনা ঘটে। এ সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং তা দ্রুত ভাইরাল হয়।

দুই মিনিট ৩৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বিক্ষুব্ধ নেতাকর্মীদের উদ্দেশে কান্নাজড়িত কণ্ঠে মনিরুল ইসলাম বলেন, “আমি ৩৯ বছর ধরে বিএনপি ও আপনাদের সঙ্গে আছি। জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও হলেও আপনাদের সঙ্গে থাকতে চাই। আমরা নড়াইল ও লোহাগড়াবাসী আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে বরণ করতে ঢাকায় এসেছি।”

তিনি কর্মীদের উদ্দেশে প্রশ্ন করেন, সবাই তার সঙ্গে থাকবেন কি না। জবাবে উপস্থিত নেতাকর্মীরা সমস্বরে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “দুঃসময়ের মনিরুল ভাই, আমরা আপনার সঙ্গে ছিলাম, আছি এবং থাকব।” এ সময় তারা মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়ে আবেগঘন প্রতিক্রিয়া প্রকাশ করেন।