তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা ও দেশে ফেরার প্রস্তুতি নিশ্চিত করতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সরেজমিনে পরিদর্শন করেছে বিএনপির একটি প্রতিনিধিদল।

পরিদর্শন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংবর্ধনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, তারেক রহমান বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, বিমানটি বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। তিনি বলেন, “১২টা বললেই ঠিক হবে।”

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে ঐতিহাসিক উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, এই সংবর্ধনা হবে স্মরণীয় এবং মানুষের উপস্থিতি হবে নজিরবিহীন। তিনি বলেন, “আমরা চাই তারেক রহমানের প্রত্যাবর্তন বিগত ৫৫ বছরের সব দৃষ্টান্ত ছাড়িয়ে যাক এবং আগামী ৫৫ বছরেও যেন এমন কোনো ঘটনা না ঘটে। সেভাবেই দিনটিকে স্মরণীয় করে রাখার প্রস্তুতি চলছে। সারা দেশের মানুষ এই দিনের অপেক্ষায় রয়েছে।”

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে তারেক রহমান দেশে ফিরছেন উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় এবং ভবিষ্যৎ নেতৃত্বে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, তাকে এক নজর দেখার জন্য মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনে ১৬–১৭ বছর ধরে তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

সংবর্ধনা কোথায় অনুষ্ঠিত হবে—৩০০ ফিট নাকি অন্য কোনো স্থানে—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করা হচ্ছে। মানুষের আগ্রহ ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, জনদুর্ভোগ যাতে না হয়, সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সব দিক বিবেচনা করে স্থান চূড়ান্ত হলে তা গণমাধ্যমকে জানানো হবে।