সংগৃহীত ছবি

ইসরাইলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে দায়িত্ব পালনরত এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। গাজায় অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরাইলি বাহিনীর নিহত সেনার সংখ্যা দাঁড়াল ৬১ জনে।

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ জানায়, নিহত সেনা সক্রিয় দায়িত্বে ছিলেন এবং তিনি ‘ট্র্যাকার’ হিসেবে কাজ করতেন। মঙ্গলবার দায়িত্ব পালনকালে তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছিল, উত্তরাঞ্চলের একটি ঘাঁটিতে গুলিবিদ্ধ হয়ে এক সেনা মারাত্মকভাবে আহত হয়েছেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার প্রকৃত কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।

এদিকে, ইসরাইলি সেনাদের মানসিক চাপ ও আত্মহত্যার প্রবণতা নিয়েও উদ্বেগ বাড়ছে। চলতি বছরের ২৮ অক্টোবর নেসেটে উপস্থাপিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ২৭৯ জন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন। প্রতিবেদনে বলা হয়, প্রতি সাতটি প্রচেষ্টার মধ্যে একজন সেনা আত্মহত্যায় সফল হয়েছেন।

সাম্প্রতিক এই ঘটনার পর ইসরাইলি সেনাবাহিনীর সদস্যদের মানসিক স্বাস্থ্য ও চাপ মোকাবিলার বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।