কথিত রাজনৈতিক অস্থিরতা ও ভারতবিরোধী বক্তব্যের প্রেক্ষাপটে বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের শিলিগুড়ির বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া।
সংগঠনটির জয়েন্ট সেক্রেটারি উজ্বল ঘোষ জানান, গত বছরের ডিসেম্বরেও বাংলাদেশিদের জন্য হোটেল ভাড়া বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সে সময় মানবিক বিবেচনায় শিক্ষার্থী ও চিকিৎসার জন্য ভারতে আসা বাংলাদেশিদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল রাখা হয়। বর্তমানে সেই ছাড়ও আর থাকছে না।
উজ্বল ঘোষ বলেন, “২০২৪ সালের ডিসেম্বরে আমাদের সদস্যরা বাংলাদেশিদের হোটেল ভাড়া দেওয়া বন্ধ করেছিলেন। তবে যারা পড়াশোনা বা চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন, তাদের ক্ষেত্রে মানবিক কারণে ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশে কথিত সহিংসতা ও ভারতবিরোধী বক্তব্যের কারণে এখন থেকে আর কোনো বাংলাদেশিকেই হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, সংগঠনটির আওতায় শিলিগুড়িতে মোট ১৮০টি হোটেল রয়েছে এবং সব সদস্যই এ সিদ্ধান্ত কঠোরভাবে অনুসরণ করবেন।
এদিকে সংগঠনের বাইরে থাকা আরও অন্তত ৫০টি হোটেলও বাংলাদেশিদের কাছে কক্ষ ভাড়া দিচ্ছে না বলে একটি সূত্রের দাবি।
উল্লেখ্য, প্রতিবছর শিক্ষা, চিকিৎসা ও পর্যটনের উদ্দেশ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি শিলিগুড়ি ভ্রমণ করে থাকেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
