আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির ‘GOAT India Tour 2025’-এর প্রথম দিনে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে চরম বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। হাজার হাজার ভক্ত মেসিকে এক ঝলক দেখার আশায় টিকিট কেটে এসেছিলেন, কিন্তু অব্যবস্থাপনার কারণে তারা হতাশ হয়ে বিক্ষোভে ফেটে পড়েন। ফলে অনুষ্ঠান সংক্ষিপ্ত করে মেসিকে মাঠ ছেড়ে যেতে হয়।

ঘটনার পরপরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স-এ পোস্ট করে গভীর দুঃখ প্রকাশ করেন এবং মেসি ও ভক্তদের কাছে আন্তরিক ক্ষমা চান। তিনি লেখেন, “আজ সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা হয়েছে, তাতে আমি গভীরভাবে বিচলিত ও মর্মাহত। আমি নিজেও হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও ভক্তদের সঙ্গে অনুষ্ঠানে যাওয়ার পথে ছিলাম। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি আন্তরিকভাবে লিওনেল মেসি এবং সব ক্রীড়াপ্রেমী ও তার ভক্তদের কাছে ক্ষমা চাইছি।”

মমতা আরও জানান, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের অতিরিক্ত মুখ্য সচিব থাকবেন। এই কমিটি ঘটনার বিস্তারিত তদন্ত করে দায় নির্ধারণ করবে এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে সুপারিশ দেবে।

বিশৃঙ্খলার সূচনা হয় যখন মেসি মাঠে প্রবেশ করে ল্যাপ অব অনার নেওয়ার চেষ্টা করেন, কিন্তু স্থানীয় রাজনীতিবিদ, ভিআইপি ও নিরাপত্তাকর্মীদের ভিড়ে তাকে ঘিরে ফেলা হয়। ফলে গ্যালারি থেকে দর্শকরা মেসিকে ঠিকমতো দেখতে পাননি। মাত্র ২০ মিনিটের মধ্যে মেসিকে মাঠ ছেড়ে যেতে হয়। এতে ক্ষুব্ধ ভক্তরা বোতল, চেয়ার ছুড়তে শুরু করেন, ব্যানার ভাঙেন এবং ব্যারিকেড ভেঙে মাঠে নেমে পড়েন। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দর্শকরা অভিযোগ করেন, টিকিটের দাম ৪,০০০ থেকে ২৫,০০০ টাকা হলেও তারা মেসিকে দেখতে পাননি। এক ভক্ত বলেন, “ভিআইপিরা মেসিকে ঘিরে রেখেছিল, আমরা কিছুই দেখিনি। টাকা ফেরত চাই।” অনেকে এটাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন। ঘটনায় অনুষ্ঠানের প্রধান আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছে এবং টিকিটধারীদের টাকা ফেরতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এদিন মেসি ভার্চুয়ালি কলকাতায় নিজের ৭০ ফুটের মূর্তি উদ্বোধন করেন। কিন্তু স্টেডিয়ামের ঘটনায় অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও শাহরুখ খান, সৌরভ গাঙ্গুলি ও মমতা বন্দ্যোপাধ্যায় অংশ নিতে পারেননি। মেসি এখন হায়দরাবাদের উদ্দেশে রওনা হয়েছেন।